গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকায় আশফিয়া আক্তার রুমা (২৪) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর পর বাড়ি ছেড়ে পালিয়েছেন স্বামীসহ শ্বশুড় বাড়ির লোকজন। রুমার স্বজনদের অভিযোগ পরিকল্পিত ভাবে হত্যার পর রুমার মুখে বিষ ঢেলে দিয়ে তারা পালিয়েছে। মঙ্গলবার (১৩এপ্রিল) সন্ধ্যায় রুমার স্বজনরা তার শ্বশুড় বাড়ি গিয়ে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।নিহত রুমা আক্তার উপজেলার সিংদিঘী গ্রামের আব্দুর রহমানের মেয়ে। প্রায় ৯বছর আগে পারিবারিক সম্মতিতে সলিং মোড় এলাকার নজর আলীর ছেলে ইমরুল হাসান আয়নাল (৩৩) এর সাথে বিয়ে হয়, সে মাওনা চৌরাস্তার একটি পরিবেশক প্রতিষ্ঠান ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছে। তাদের সংসারে ইফতেখার হাসান রুহান নামের সাত বছর বয়সী এক সন্তান রয়েছে।নিহতের স্বজনরা জানান, বিয়ে আগে থেকেই ইমরুল হাসানের সাথে অন্য একটি মেয়ের সম্পর্ক ছিল। বিয়ের তিন বছর পর ওই মেয়ের সাথে যোগাযোগ রক্ষা করার বিষয়টি জানাজানি হলে ইমরুল-রুমার মধ্যে কলহ তৈরী হয়। পরে দুই পরিবারের লোকজন বসলে ইমরুল আর ওই মেয়ের সাথে যোগাযোগ করবে না মর্মে জানালে দু’জনের মধ্যে কলহ মিটিয়ে সংসার জীবন শুরু করেন। তবুও ইমরুল ওই মেয়ের সাথে সম্পর্ক রাখায় মাঝে মধ্যেই তাদের মধ্যে কলহ তৈরী হতো। সম্প্রতি ৬এপ্রিল ইমরুলের জন্মদিন উপলক্ষ্যে ওই মেয়ে মুঠোফোনে শুভেচ্ছা বাণী পাঠায়। এনিয়ে পুনরায় কলহ তৈরী হয়। মঙ্গলবার বিকেলে স্বামী-স্ত্রী’র মধ্যে ঝগড়া তৈরী হলে তাকে মারধর করে ইমরুলসহ তার পরিবারের লোকজন। এর এক পর্যায়ে রুমার মৃত্যু হলে বাড়ির লোকজন তার মুখে বিষ ঢেলে গা ঢাকা দেয়। পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে রুমার স্বজনরা এসে লাশ দেখে পুলিশে খবর দেয়।শ্রীপুর থানার (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে তবে, মনে হচ্ছে এটি বিষ পাণে আত্মহত্যা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর হত্যা না আত্নহত্যা বিষয়টি জানা যাবে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।